ASANSOL

তৃণমূলকে তোপ মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারের “সময়ের অপেক্ষা করুন, সবাইকে তিহাড় যেতে হবে”

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য মন্ত্রীসভার পূর্ণ মন্ত্রী সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজের জেলা পশ্চিম বর্ধমানে এসে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কুলটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার। তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিজেপি পার্থ ঘোষ সহ প্রচুর সংখ্যায় নেতা ও কর্মীরা।পরে সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং বিজেপির কর্মী ও সমর্থকদের আশীর্বাদ ও সমর্থনের ফলেই বিজেপি রাজ্যে বিপুল জনসমর্থন পেয়েছে। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডাঃ পোদ্দারের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “হিংসা ও ভয় মুক্ত বাংলা” গড়ার স্বপ্ন ধীরে ধীরে বাস্তব রূপ নিতে শুরু করেছে। গত ১৫-২০ দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে।তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার অতি অল্প সময়ের মধ্যেই এমন একাধিক কাজ সম্পন্ন করেছে, যেগুলি আগে করতে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সময় লেগে গেছে। একই গতিতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে গিয়ে বিজেপি সরকার তাদের “সোনার বাংলা” গড়ার অঙ্গীকার পূরণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, “যেমন কর্ম, তেমন ফল।

অতীতে যারা অন্যদের সঙ্গে যে ধরনের আচরণ করেছে, আজ তারাই সেই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।”ডাঃ পোদ্দার দাবি করেন, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে বিভিন্ন মামলায় তদন্ত চলছে। পাশাপাশি তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে দায়ের হওয়া এফআইআরের প্রসঙ্গ উল্লেখ করেন এবং বলেন, আইন তার নিজস্ব গতিতেই কাজ করবে। নিজের বক্তব্যে তিনি বলেন, “সময়ের অপেক্ষা করুন, সবাইকে তিহাড় জেলে যেতে হবে।”

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *