ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ার পঞ্চায়েত অফিসে সরকারি বালতি আটকে বিক্ষোভ, এলাকায় চাঞ্চল্য

*বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* পঞ্চায়েত দপ্তরে সরকারি বালতি ভর্তি ঠিকাদারের গাড়ি আটকে দিলেন এলাকার মানুষজনেরা।এতদিন এত পরিমান এইসব সরকারি বালতি কোথায় ছিল? কোথা থেকে কি উদ্দেশ্যে কেন সাত সকালে নিয়ে যাওয়া হচ্ছিল? সেই প্রশ্ন তুলে সরকারি প্রচুর পরিমাণে বালতি আটকে দেয় জামুরিয়া বিধানসভার তপসি এলাকার মানুষেরা। শনিবার পুরো বিষয়ের প্রতিবাদ বিক্ষোভ শুরু করে দেন তারা। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বলেন, ২০২৪ সালের টেন্ডার হওয়া বালতি এতদিন কোথায় ছিল। আজ কেন তড়িঘড়ি সেই সব বালতি নিয়ে পঞ্চায়েত দপ্তরে আসার চেষ্টা হল।

এই প্রশ্ন আমাদের। তাই এলাকার মানুষেরা বিক্ষোভ শুরু করেন। গাড়ি করে বালতিগুলি নিয়ে আসা ঠিকাদার বলেন, আমার কাছে বালতিগুলি রাখা ছিল। ২০২৪ সালে টেন্ডারের মাধ্যমে এই বালতি সাপ্লাই করেছি। তার বিলও পেয়ে গেছি। এখন আমাকে পঞ্চায়েতের পক্ষ থেকে এইসব বালতি পঞ্চায়েত দপ্তরে আনার জন্য বলা হয়েছে। আমি তাই গাড়িতে করে নির্মল বাংলার এইসব বালতি নিয়ে আসছিলাম।জামুরিয়ার তপসি গ্রাম পঞ্চায়েতের প্রধান বীণাপাণি বাউরী বলেন, যে বালতিগুলি এলাকার মানুষ আটকে দিয়েছেন সেই বালতিগুলি পঞ্চায়েতের টেন্ডার করা বালতি।।

এলাকার বিভিন্ন জায়গায় এইসব বালতি বিলি করার কথা। সেই মতো ঠিকাদারকে বালতি গুলি পঞ্চায়েত দপ্তরে আনার কথা বলা হয়েছিল। সেই সময়ই বিজেপির লোকেরা এসব সরকারি বালতি আটকে দেয়। তিনি আরো বলেন, তারা পঞ্চায়েত দপ্তরে ঢুকে, তালা খুলে পঞ্চায়েত দপ্তরে থাকা ত্রিপল ও কম্বল বাইরে বার করেন। পঞ্চায়েত দপ্তরে একটি অচলাবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *