বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে হরিওম কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : সপ্তাহের শুরুতে ফের একবার বেতন বৃদ্ধি সহ বেশ কয়েক দফা দাবিকে সামনে রেখে জামুরিয়া শিল্পাঞ্চলের হরিওম নামক এক বেসরকারি কারখানার মহিলা পুরুষ মিলিয়ে কয়েকশো ঠিকা শ্রমিক কারখানার প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।ঠিকা শ্রমিকদের এই বিক্ষোভকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায় কারখানা চত্বরে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে শ্রমিকদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন চুক্তিভিত্তিক মহিলা শ্রমিকরা জানান, মে মাসের ২৬ তারিখ আট ঘন্টা ডিউটি, মাসিক চারটে ছুটি এবং বেতন বৃদ্ধি সহ আরো বেশ কিছু প্রাথমিক দাবিকে সামনে রেখে আমরা বিক্ষোভে শামিল হয়েছিলাম।













সেই সময় কর্তৃপক্ষ আমাদের কাছে দশ দিন সময় নিয়েছিল। আজ সময় পেরিয়ে যাওয়ার পরও আমরা কর্তৃপক্ষের কাছে থেকে কোনরকম কোন সদউত্তর পাইনি। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে টালবাহানা করছে। শ্রমিকরে আরো জানাই, দুর্মূলের বাজারে এখনো ১৭০ টাকা মজুরিতে আমাদের ১২ ঘন্টা কাজ করতে হচ্ছে। আমরা চাই আমাদের বেতন বৃদ্ধি করা হোক , কাজের সময় ১২ ঘন্টা থেকে ৮ ঘণ্টায় নিয়ে আসা হোক । যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা দফাই দফাই বিক্ষোভ প্রদর্শন করবো। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো কারখানা চত্বরে বিক্ষোভ চলছে।


