Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

বিজেপি নেতার গ্রেফতারের দাবিতে অন্ডাল থানার সামনে মহিলাদের বিক্ষোভ পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ

*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* অন্ডাল থানার কাজোড়া মোড় এলাকায় কয়েক দিন আগে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। এই ঘটনার জড়িতদের গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মঙ্গলবার অন্ডাল থানার সামনে স্থানীয় মহিলারা বিক্ষোভে সামিল হলেন। বিক্ষোভ চলাকালীন তাঁরা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে বিজেপি নেতা সহ অন্যান্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।জানা গেছে, কাজোড়া মোড়ে সংঘর্ষের ঘটনায় এক পক্ষের একজনকে পুলিশ গ্রেফতার করেছিল।

পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে, অপর পক্ষের বিরুদ্ধেও অন্ডাল থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত তাঁদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের।এই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার স্থানীয় মহিলারা থানার সামনে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, সোমবার রাতে পুলিশ আমাদের কয়েকজনকে গ্রেফতার করেছে। অথচ অন্য পক্ষের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাঁরা বিজেপি নেতা সহ অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।বিক্ষোভ চলাকালীন কিছু সময়ের জন্য মহিলারা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

এর ফলে থানার সামনে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বিক্ষোভকারী মহিলাদের দাবি, যখন সব পক্ষের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে, তখন আইন অনুযায়ী সমানভাবে ব্যবস্থা নেওয়া উচিত। তাঁদের অভিযোগ, পুলিশ এক পক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেও অন্য পক্ষের অভিযুক্তদের এখনও গ্রেফতার করেনি। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও সমান আইনি পদক্ষেপ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *