ASANSOL

মৃতদেহের ক্ষতিপূরণেও কাটমানি! গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান, আদালতে ‘চোর চোর’ স্লোগান বিজেপির

*বেঙ্গল মিরর, বুদবুদ ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বুদবুদের মৃত কর্মীর পরিবারের প্রাপ্য ক্ষতিপূরণের টাকাতেও কাটমানি নেওয়ার অভিযোগ ! গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটে। বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় বুদবুদ থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধৃত প্রধানকে নিয়ে পুলিশের গাড়ি আদালতের উদ্দেশ্যে রওনা হতেই ‘চোর চোর’ স্লোগানে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকরা। পুলিশ সূত্রে জানা গেছে, গলসি বিধানসভা এলাকার চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠছিল।

অভিযোগ, এলাকায় তোলাবাজি চালানোর পাশাপাশি শ্রমিকদের মৃত্যুর পর তাঁদের পরিবারের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের অর্থ থেকেও কাটমানি আদায় করা হত। এছাড়াও অবৈধ বালি ব্যবসা, আবাস প্রকল্পে অনিয়ম এবং সরকারি প্রকল্পের অর্থ বণ্টনে দুর্নীতির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি নতুন করে অভিযোগ সামনে আসতেই তদন্তে নেমে অনুপ মেটেকে মঙ্গলবার গ্রেফতার করে বুদবুদ থানার পুলিশ। বুধবার তাকে আদালতে তোলা হলে থানার সামনে জড়ো হন বিজেপি কর্মীরা।

তাঁদের অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য থানা চত্বরে উত্তেজনা ছড়ায়। গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র বলেন, যারা দুর্নীতি করেছে, তাদের কাউকেই ছাড়া হবে না। আমরা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। মানুষের টাকা লুট করে যারা বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের প্রত্যেকের হিসাব হবে।পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রধানকে গ্রেফতার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *