ASANSOL

দায়িত্ব নিয়েই সচিব ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে পূর্ত মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার একাধিক বিষয়ে আলোচনা

*বেঙ্গল মিরর, কলকাতা, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতর বা পিডাবলুডি নবনিযুক্ত মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার এবং রাষ্ট্র মন্ত্রী নাদিয়া চাঁদ বাউরি বৃহস্পতিবার নবান্নে দফতরের সচিব অন্তরা আচার্য ও শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে করেন।সেই বৈঠকে দফতরের চলতে থাকা ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রীরা ‘সোনার বাংলা’ গঠনের লক্ষ্যে পূর্ত দফতরের আধিকারিকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি, সমস্ত উন্নয়নমূলক প্রকল্প নির্ধারিত সময়সীমার মধ্যে এবং সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

নির্বাচনী সংকল্পপত্রে ঘোষিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ডাঃ পোদ্দার দফতরের শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। জনস্বার্থে উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট আধিকারিকদের কার্যকর উদ্যোগ গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়।আসন্ন বর্ষাকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন সড়কের বর্তমান অবস্থা, মেরামতি কার্যক্রম এবং জননিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করেন মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার। তিনি নির্দেশ দেন, বর্ষাকালে কোনও রাস্তার গর্তের কারণে সাধারণ মানুষ যাতে সমস্যার সম্মুখীন না হন এবং দুর্ঘটনার সম্ভাবনা এড়ানো যায়, সেজন্য ক্ষতিগ্রস্ত সড়কগুলির দ্রুত মেরামতি নিশ্চিত করতে হবে।

ডাঃ পোদ্দার তাঁর বিধানসভা কেন্দ্র কুলটি ও সংলগ্ন এলাকার জরাজীর্ণ সড়কগুলির বিষয়টি বিশেষভাবে উত্থাপন করেন। তিনি নিয়ামতপুর থেকে ডিসেরগড়ের ছিন্নমস্ত মন্দিরগামী সড়ক, বরাকর রেলস্টেশন থেকে বরাকর-বেগুনিয়া-পুরুলিয়া সংযোগকারী রাস্তা, আসানসোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং রানিগঞ্জ এলাকার বেহাল রাস্তা অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের নির্দেশ দেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *