হড়পা বানে বিধ্বস্ত নেপাল খোঁজ মিলছে না দুর্গাপুরের দম্পতির
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* হড়পা বানে বিধ্বস্ত নেপাল। বুধবার সকালের এই ভয়াবহ বিপর্যয়ের পর থেকে নিখোঁজ পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরের তপোবন সিটির বাসিন্দা এক দম্পতি।মঙ্গলবার রাতেও পরিবারের সঙ্গে তাঁদের শেষ কথা হয়েছিল। কিন্তু বুধবার সকাল থেকে হঠাৎই তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না।জানা গেছে, তপোবন সিটির ৫২ নম্বর, ৯-ডি টাওয়ারের বাসিন্দা অরিন্দম গাঙ্গুলি, তাঁর স্ত্রী মৌসুমী গাঙ্গুলি নেপালে বেড়াতে যান ।প্রতিবেশীদের সূত্রে আরো জানা গেছে, প্রায় ৩০ জনের একটি ট্রাভেলার গ্রুপ কলকাতা থেকে নেপালে গিয়েছিল। তাঁদের মধ্যে দুর্গাপুরের ছিলেন ছজন। গত ২১ আগস্ট দুর্গাপুর থেকে রওনা দিয়েছিলেন তারা।














পরের দিন ২২ আগস্ট কলকাতা থেকে নেপালের উদ্দেশ্যে বেরোয় পর্যটকদের দল।জানা গেছে, মঙ্গলবার রাতেও এই দম্পতির সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়েছিল। এমনকি তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টও দেখা যায়। কিন্তু বুধবার সকাল থেকে ফোনে আর যোগাযোগ করা যাচ্ছে না।ইতিমধ্যেই খবর পেয়ে তপোবন সিটিতে আসে মলানদিঘি ফাঁড়ির পুলিশ। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজ নেওয়া হয়।
অরিন্দম গাঙ্গুলি ও মৌসুমী গাঙ্গুলি ডিভিসির অবসরপ্রাপ্ত কর্মী বলে জানা গেছে। নেপালের ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ইস্পাত নগরী দম্পতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগে পরিবার ও প্রতিবেশীরা।পুলিশ প্রশাসনের তরফে তাদের খোঁজ শুরু করা হয়েছে। অন্য দিকে, এখনো গোটা রাজ্য থেকে নেপালে যাওয়া ৩২ জনেরও বেশী জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।


