দুর্গাপুরে বেসরকারি কারখানায় পরপর ভাটি বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর নগর নিগমের ১ নম্বর ওয়ার্ডের কমলপুর নাচন রোড এলাকায় একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ভাটি বিস্ফোরণ বা ব্লাস্টের ঘটনা ঘটলো। বুধবার রাতে এই কারখানায় পরপর তিনবার ভাটি ব্লাস্টের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শ্রমিক মহল থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার রাতে হঠাৎই কারখানার ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। পরপর বিস্ফোরণের মতো শব্দে কারখানার কর্মী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এই ঘটনায় কারখানার তিনজন শ্রমিক অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ।














পাশাপাশি খবর দেওয়া হয় শ্রমিক সংগঠন বিএমএসকে। খবর পাওয়া মাত্রই বিএমএসের প্রতিনিধিরা কারখানায় পৌঁছে আহত শ্রমিকদের খোঁজখবর নেন।ঘটনার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিএমএস। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে কারখানার ভাটি ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠন বিএমএস। সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার কোষাধ্যক্ষ তথা ঐ এলাকার দায়িত্বে অয়ন সেনগুপ্ত বলেন, কারখানার ভেতরে ভাটি বিস্ফোরণ হয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তারা তিনটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন।
কারখানা কতৃপক্ষের কাছে আমরা গোটা বিষয়টি জানতে চেয়েছি। পুলিশও গোটা বিষয়টি দেখছে। আমরা জেলা প্রশাসনের কাছে সব কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও সবকিছু মেনে কারখানা চলছে কিনা, তা দেখতে বলেছি। আমরাও শ্রমিক সংগঠনের তরফে সবক খতিয়ে দেখছি। এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না দেখা হচ্ছে। এদিকে, পুলিশ জানায়, গোটা বিষয়টি নিয়ে কারখানা কতৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। তারা প্রাথমিক ভাবে জানিয়েছে ভাটি বিস্ফোরণ হয়েছে।


