রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, দুর্গাপুরে ঝাড়ু হাতে পথে নেমে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা বা পানের পিক ছিটানোর বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোর নজরদারি। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।‘নির্মল বন্ধু’ ও ‘নির্মল সাথী’দের নিয়ে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, পুর ও নগরোন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক এবং সাফাই কর্মীরা।













এদিন মন্ত্রী নিজে ঝাড়ু হাতে বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। পাশাপাশি দোকানদারদের সঙ্গে কথা বলে তাঁদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাস্তায় নোংরা ফেললেই জরিমানা দিতে হবে। তারজন্য আগে থেকে সবাইকে সচেতন করা হচ্ছে। তিনি আরো বলেন, একটা হেল্প লাইন নম্বর খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করবেন। সেই নম্বরে যা অভিযোগ ও সমস্যার কথা জানাবেন, সঙ্গে সঙ্গে তা দপ্তরের তরফে সমাধানের ব্যবস্থা করা হবে।




