মেসির পায়ের জাদুতে আর্জেন্টিনার জয়ের প্রার্থনায় আসানসোল বিশ্বকাপের রেপ্লিকা রেখে মোমের মূর্তিতে পুজো
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ফুটবল শুধু একটি খেলা নয়, বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের কাছে এটি আবেগ, ভালোবাসা এবং বিশ্বাসের আরেক নাম। আর বিশ্বকাপ ফুটবল হলে তো কোন কথাই নেই। আর সেই আবেগই এক অনন্য রূপ পেল আসানসোলে। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে রবিবার তাঁর নিজের হাতে তৈরি মোমের মূর্তিতে পুজো করলেন ভাস্কর মোমের শিল্পী সুশান্ত রায়।














আসানসোলের মহিশিলা কলোনিতে সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম বহু বছর ধরেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, স্বাধীনতা সংগ্রামী, মনীষী, রাজনৈতিক নেতা, অভিনেতা এবং আন্তর্জাতিক ক্রীড়াবিদদের বাস্তবসম্মত মোমের মূর্তি স্থান পেয়েছে। সেই তালিকায় কয়েক মাস আগে যুক্ত হয়েছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির মোমের মূর্তি। যা সম্পূর্ণ নিজের হাতে নির্মাণ করেছেন সুশান্ত রায়।
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর থেকেই মেসির দল চ্যাম্পিয়ন হবে, এমন দৃঢ় বিশ্বাস রয়েছে এই শিল্পীর। সেই বিশ্বাসের প্রতীক হিসেবেই তিনি মেসির মোমের মূর্তিতে ফুল দিয়ে পুজো করেন। শুধু তাই নয়, মূর্তির পাশে আগে থেকেই সাজিয়ে রাখা হয় ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ বা রেপ্লিকা। যা গোটা পরিবেশকে আরও আবেগঘন করে তোলে।
সুশান্ত রায় বলেন, ছোটবেলা থেকেই আমি মেসির খেলার ভক্ত। মাঠে মেসির নিষ্ঠা, নেতৃত্ব এবং অসাধারণ ফুটবল দক্ষতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তাই নিজের শিল্পের মাধ্যমে আমি আমার প্রিয় ফুটবলারের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য নিয়ে তিনি শুরু থেকেই আশাবাদী ছিলেন বলেও জানান।এই বিশেষ মুহূর্তে তার মিউজিয়ামে উপস্থিত ছিলেন এলাকার বহু মেসি ও আর্জেন্টিনা সমর্থক।
তাঁরাও মোমের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রিয় ফুটবলারের সাফল্য কামনা করেন এবং বিশ্বকাপ জয়ের আশায় আনন্দ প্রকাশ করেন। তাঁদের মতে, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি বিশ্বের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা এবং ফুটবলের জীবন্ত কিংবদন্তি।মহিশিলা কলোনির এই ব্যতিক্রমী আয়োজন ফুটবলপ্রেমীদের কাছে এক আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে। মেসির প্রতি ভালোবাসা, শিল্পীর সৃজনশীলতা এবং বিশ্বকাপকে ঘিরে উন্মাদনার এই অনন্য সংমিশ্রণ সকলের নজর কাড়ে।


