ASANSOL

আসানসোলে চার দিনের বাংলা সংগীত মেলা শুরু ১৮ জুন বিকেলে

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে চারদিনের বাংলা সংগীত মেলা। আগামী ২১ জুন পর্যন্ত এই মেলা হবে আসানসোলের রবীন্দ্র ভবনে চার দিনের এই মেলা নিয়ে বুধবার দুপুরে আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড় একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলন হয়। সেখানে সোসাইটির চীফ পেট্রোন শচীন রায় বলেন, গত বছর তিন দিনব্যাপী সংগীত মেলার আয়োজন করা হয়েছিল। যা ব্যাপক সমর্থন ও উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছিল। এই বিষয়টি মাথায় রেখে এ বছর মেলাটি চার দিন পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটের সময় মেলার উদ্বোধন হবে। তিনি আরো বলেন, এই মেলার আয়োজনের মূল উদ্দেশ্য হলো বাংলা সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার এবং নতুন প্রজন্মকে তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সংযুক্ত করা। মেলা চলাকালীন বিভিন্ন শিল্পী বাংলা সংগীত পরিবেশন করবেন। যা সংগীতপ্রেমীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ করে দেবে। শচীন রায় আশা প্রকাশ করেন যে, এ বছর বিপুল সংখ্যক মানুষ সংগীত মেলায় অংশ নিয়ে এটিকে সফল করে তুলবেন। আয়োজক কমিটি সকল সংগীতপ্রেমী ও সাধারণ জনগণকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।

এই মেলার কোন প্রবেশ মূল্য নেই। এই চার দিনব্যাপী সঙ্গীত মেলাকে ঘিরে আসানসোল তথা শিল্পাঞ্চলের সাংস্কৃতিক জগৎ ও সঙ্গীতপ্রেমীদের মধ্যে এক উৎসাহের আবহ তৈরি হয়েছে।উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, করোনা বা কোভিডের সময় শিল্পীদের পাশে দাঁড়াতে এই সোসাইটি তৈরি করা হয়েছিলো। তারপর থেকে প্রতি বছর সংগীত মেলার পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে এই সোসাইটি।এদিনের সাংবাদিক সম্মেলনে সোসাইটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *