আসানসোলে বিদ্যুৎ নিয়ে ইসিএলের নোটিশে ক্ষুব্ধ বিজেপির নেতৃত্ব বাসিন্দাদের নিয়ে বিক্ষোভ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে কোলিয়ারি এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ে ইসিএলের নোটিশ দেওয়া নিয়ে সরব হলো শাসক দল বিজেপি। পদ্ম শিবিরের নেতা ও কর্মীরা ইসিএলের এই পদক্ষেপ নেওয়া নিয়ে প্রতিবাদ জানিয়ে। তারা এলাকার বাসিন্দাদের জন্য ইসিএলের বিরুদ্ধে আন্দোলন করারও হুমকি দিয়েছেন। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল উত্তর থানার অন্তর্গত গিরমিন্ট কোলিয়ারি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, আসানসোলের গিরমিন্ট কোলিয়ারি সংলগ্ন এলাকায় ইসিএলের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়।














সেই নোটিশ বলা হয়েছে, এবার থেকে সকাল ছয়টা থেকে ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া হবে। দুপুর দুটো পর্যন্ত এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তারপরে আবার বিদ্যুৎ সংযোগ করা হবে।স্বাভাবিক ভাবেই এই নোটিশ ঘিরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে কোলিয়ারিতে আসেন। সেখানে তারা ইসিএলের ফোরম্যানকে আটকে বিক্ষোভ দেখান। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা বুথ সভাপতি ধর্মেন্দ্র মিশ্র বলেন, এটা ইসিএলের নতুন কিছু নয়।
কোন সময় তারা পানীয়জলের সরবরাহ বন্ধ করে দেয়। আবার কোন সময় বিদ্যুৎ। এদিন ইসিএলের তরফে নোটিশ দিয়ে বলা হয়েছে, সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। বিজেপি নেতার প্রশ্ন, আগে তো এমনটা ছিলোনা। তৃণমূল কংগ্রেস হারার পর থেকে ইসিএলের অত্যাচার বেড়ে গেছে । আমরা এইসব কিছু মেনে নেবোনা। এই বিক্ষোভের খবর ছড়িয়ে পড়তেই ইসিএলের বিভিন্ন আধিকারিক এবং সিআইএসএফ ও আসানসোল উত্তর থানার পুলিশ আসে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই নিয়ে ইসিএলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।


