ASANSOL

রাজ্য জয়েন্টে তৃতীয় স্থানে রানিগঞ্জের উমঙ্গ, বি-টেক করবে আইআইটি খড়গপুরে

*বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের উমঙ্গ ভূত রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা (ডাব্লুবিজেইই) ২০২৬-এ রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। স্বাভাবিক ভাবেই জেলা এবং খনি এলাকার জন্য গৌরব বয়ে এনেছে রানিগঞ্জের উমঙ্গ। তার বাবা অমিত কুমার ভূত রানিগঞ্জ ডাক বিভাগের এজেন্ট। মা রেনু ভূত গৃহবধূ।এই বছর ২৪ মে অনুষ্ঠিত ডাব্লুবিজেইইতে রাজ্য জুড়ে দুই লক্ষেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। তীব্র প্রতিযোগিতার মাঝে, উমঙ্গ তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে এক অসাধারণ সাফল্য অর্জন করেছে।উমঙ্গ রানিগঞ্জের একটি ইংরেজি মাধ্যম স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।

এরপর সে দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলে ভর্তি হয়। সে একটি বেসরকারি কোচিং ইনস্টিটিউটেও যোগ দিয়েছিল। এইসব কিছু তার এই সাফল্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উমঙ্গ তার সাফল্যের কারণ হিসেবে নিয়মিত পড়াশোনাকে উল্লেখ করেছে। সে বলে, আমার পড়াশোনার কোনো নির্দিষ্ট সময় ছিল না। যখনই আমার ইচ্ছে হতো, আমি পড়তে বসতাম। সব বিষয় সমানভাবে পড়তাম। ভালো রেজাল্ট করবো জানতাম।

তবে, রাজ্যে তৃতীয় হবো, ভাবিনি। সে এবার উচ্চ শিক্ষার জন্য আইআইটি খড়গপুরে কম্পিউটার সায়েন্সে বিটেক করবে।ছেলে উমঙ্গের এই সাফল্যে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। তারা বলেন , আমাদের ছেলের সাফল্যে পুরো পরিবার গর্বিত। আমরা জানতাম সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তবে এতো ভালো রেজাল্ট করে সে তৃতীয় হবে সারা রাজ্যে তা ভাবিনি। মা রেনুদেবী আরো বলেন, ছেলে পড়াশোনা করার পাশাপাশি ক্রিকেট খেলা ভালোবাসে। কিন্তু সে গত দুবছর সবকিছু ভুলে পড়াশোনায় কঠোর পরিশ্রম করেছে। ভূত দম্পতির মেয়ে বর্তমানে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *