এবার বার্নপুর, ধৃত তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ এবার পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর! মঙ্গলবার সকালে ধৃত তৃণমূল কংগ্রেসের নেতা সৈয়দ ইকবালকে বার্নপুর শহরে ঘোরালো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশ। রবিবার রাতে বার্নপুরের বাসিন্দা সৈয়দ ইকবালকে প্রতারণা এবং অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করেছিলো হিরাপুর থানার পুলিশ। সোমবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক তার জামিন নাকচ করে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত ২০ জুন হিরাপুর থানায় সৈয়দ ইকবালের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই এফআইআরের তদন্তে নেমে হিরাপুর পুলিশ রবিবার গভীর রাতে সৈয়দ ইকবালকে গ্রেপ্তার করে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরো বেশ কয়েকজনকে খুঁজছে।














তারই মধ্যে মঙ্গলবার সকালে পুলিশ তার কোমরে দড়ি বেঁধে বার্নপুরের সুভাষ পল্লী থেকে রহমত নগর মোড় পর্যন্ত তাকে কোমরে দড়ি বেঁধে ঘোরায়।
স্বাভাবিক ভাবেই পুলিশের এই কাজে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধৃত তৃণমূল নেতাকে দেখতে রাস্তায় ভিড় জমে যায়।
প্রসঙ্গতঃ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই গোটা বাংলা জুড়ে ধৃত তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদেরকে হয় হাফপ্যান্ট পড়িয়ে, না হলে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাচ্ছে।


