ASANSOL

মহরমে ডিজে-অস্ত্র নিষিদ্ধ, ভিন জেলার ঘটনায় স্থানীয় অশান্তি নয়, জামুড়িয়া থানায় পুলিশের নির্দেশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া:* আগামী ২৬ জুন মহরম উপলক্ষে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা দিল পুলিশ। মঙ্গলবার জামুড়িয়া থানায় স্থানীয় মহরম উদ্যোক্তা কমিটিগুলিকে নিয়ে আয়োজিত শান্তি বৈঠকে পুলিশ স্পষ্ট জানিয়ে দিল— রাজ্যের অন্য প্রান্তে ঘটে যাওয়া কোনও ঘটনাকে ইস্যু করে স্থানীয় এলাকায় ঝামেলা করা যাবে না। একইসঙ্গে মহরমের মিছিলে ডিজে বাজানো ও অস্ত্র নিয়ে হাঁটা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জামুড়িয়া থানায় আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিং ঠাকুর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

মহরম উৎসব কীভাবে শান্তিপূর্ণভাবে পালন করা যায়, তা নিয়ে কমিটিগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।পুলিশ আধিকারিকরা জানান, গত বছরের নিয়মই এবারও বহাল থাকবে। মিছিলে ডিজে বাজানো যাবে না এবং কোনও রকম অস্ত্র ব্যবহার করা চলবে না। বিশেষভাবে সতর্ক করে বলা হয়, ভিন জেলায় বা রাজ্যের অন্য কোনও অংশে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে জামুড়িয়া এলাকায় কোনও অশান্তি পাকানো যাবে না।বৈঠকে উপস্থিত মহরম উদ্যোক্তা কমিটির সদস্যরা প্রশাসনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *