বারাবনির তৃণমূলের ব্লক সভাপতি সহ তিন, গ্রেফতার ,বাজি ফাটিয়ে উল্লাস বিজেপির
বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় বড়সড় পদক্ষেপ নিলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ। এই মামলায় বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিং, তার ভাই পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিশ্বজিৎ সিং এবং প্রভাবশালী তৃণমূল নেতা আকবর আলমকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে অসিত সিং ও বিশ্বজিৎ সিংকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, আকবর আলমকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে আটক করে, পরে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এলাকায় তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছিল।














পুলিশ সূত্রে দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছিল। শেষ পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।তারা বলেন , ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাতেই এই গ্রেফতারি হয়েছে। তবে অসিত সিংদের বারাবনি থানায় রাখা হয়নি। অশান্তি এড়াতে তাদেরকে হিরাপুর থানায় রাখা হয়। শুক্রবার সকালে ধৃতদের আসানসোল আদালতে নিয়ে যাওয়া। পুলিশের গাড়িতে উঠার সময় অসিত সিং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তেমন কিছু বলেন নি। হাসিমুখে বলেন, কি আর বলবো। সবাই সব কিছু দেখতে পাচ্ছেন। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফে আদালতে আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
এদিকে, একই মামলার আরও কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক। তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।অন্যদিকে, অসিত সিংদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বারাবনি ও সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকায় তাদেরকে বাজি ফাটিয়ে আনন্দ করতে দেখা যায় । ছিলেন বিজেপি নেতা অভিজিৎ রায়। তিনি বলেন , ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলাম। পুলিশের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। তিনি আরো বলেন, এই তৃণমূল কংগ্রেসের নেতারা গত ৫ বছরে এলাকায় কি করেছেন, তা সবাই জানেন।তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এই ঘটনাকে কেন্দ্র করে বারাবনি তথা আসানসোলের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয় এবং পলাতক অভিযুক্তদের গ্রেফতার করা যায় কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।


