ASANSOL

কাটমানি ফেরত চেয়ে না পাওয়ায় ৬ জন তৃণমূল নেতা, কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

সার্থক কুমার দে, দুর্গাপুর : আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েত এলাকার ছ’জন তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে লাউদোহা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এলাকার বাসিন্দাদের একাংশ । শনিবার এই অভিযোগ দায়ের হওয়া ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।অভিযোগে যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন অসিত হাজরা, কাঞ্চন দাস, রঞ্জিত মণ্ডল, কমলাকান্ত মণ্ডল, সুকুমার রুইদাস এবং কামাখ্যা ঘোষ । অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের নামে বহু শ্রমিককে কাজ করানো হলেও তাঁদের প্রাপ্য মজুরি সম্পূর্ণ দেওয়া হয়নি ।

এমনকি সরকারি প্রকল্পের পরিবর্তে অভিযুক্তদের ব্যক্তিগত ধানজমি ও বাড়ির বিভিন্ন কাজেও একশ দিনের প্রকল্পের শ্রমিকদের কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ ।বাসিন্দাদের আরও অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া, নতুন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেওয়া-সহ বিভিন্ন সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে অভিযুক্তরা কাটমানি আদায় করেছে । সম্প্রতি ভুক্তভোগীরা কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার একটি তালিকা তৈরি করে অভিযুক্তদের কাছে টাকা ফেরতের দাবি জানান ।

অভিযোগ, সেই দাবি মানতে ও টাকা ফেরত দিতে অস্বীকার করায় বাধ্য হয়ে তাঁরা থানার দ্বারস্থ হন । অভিযোগকারীরা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ।যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে থানার এক পুলিশ আধিকারিক জানান ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *