৪২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের
সার্থক কুমার দে, অন্ডাল : স্বনির্ভর গোষ্ঠীর নামে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মহিলাদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে অন্ডাল ব্লকের দক্ষিণখণ্ড পঞ্চায়েত এলাকা । বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা একত্রিত হয়ে গোষ্ঠী প্রধানদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ।বিক্ষোভকারীদের অভিযোগ, সদস্যাদের অজান্তে তাঁদের নামে ঋণ ও অন্যান্য আর্থিক সুবিধার প্রায় ৪২ লক্ষ টাকা তোলা হলেও সেই অর্থ প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছায়নি ।














নুপুর হাজরা, কবিতা মণ্ডল, শ্রাবনী দাস ও জয়া বাদ্যকর-সহ কয়েকজন গোষ্ঠী প্রধানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ তুলে প্রশাসনের কাছে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা ।অন্যদিকে অভিযুক্ত কো-অর্ডিনেটর শ্রাবনী দাস সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনও টাকা আত্মসাৎ করেননি । অভিযোগের খবর পেয়েই ঘটনাস্থলে এসেছেন এবং তাঁর পাশাপাশি যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদেরও ডেকে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি ।


