তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে পাঞ্জাবি মোড় ফাঁড়িতে বিজেপির বিক্ষোভ*
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানিগঞ্জ, ৩ জুলাই:* ৩৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতাদের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে শুক্রবার পাঞ্জাবি মোড় ফাঁড়িতে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় বিজেপির স্থানীয় নেতৃত্ব।*১৫ বছরের নির্যাতনের অভিযোগ:* বিজেপি কর্মীদের দাবি, রানিগঞ্জ বরো-২-এর অন্তর্গত ৩৪ নম্বর ওয়ার্ডে গত ১৫ বছরের তৃণমূল শাসনে বহু বাসিন্দাকে মানসিক ও সামাজিকভাবে নিগ্রহের শিকার হতে হয়েছে। এলাকার কয়েকজন তৃণমূল নেতা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন বলে অভিযোগ।














*পুলিশের দ্বারস্থ বিজেপি:* এদিন বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক পাঞ্জাবি মোড় ফাঁড়িতে পৌঁছান। পুলিশ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারের দাবি জানান তাঁরা। *হুঁশিয়ারি আন্দোলনের:* বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই ঘটনায় আগেই লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি পুলিশ। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।
তাঁদের হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।*পুলিশের আশ্বাস:* পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ অভিযোগ গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।রাজ্যে সরকার বদলের পর ৩৪ নম্বর ওয়ার্ডে পুরনো অভিযোগ নিয়ে সরব হল বিজেপি। পুলিশ কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।


