আসানসোল আনন্দম ” র নতুন সভাপতি ডাঃ অশোক রায়
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল আনন্দম ” র নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট বর্ষীয়ান চিকিৎসক ডাঃ অশোক রায়। রবিবার আসানসোলের কল্যানপুর স্যাটেলাইট টাউনশিপে আসানসোল আনন্দম ভবনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা বা এ্যানুয়াল জেনারেল মিটিং হয়। সেই সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ডাঃ অশোক রায়কে সংগঠনের নতুন সভাপতি মনোনীত করা হয়েছে। সম্পাদক হয়েছেন সোমনাথ বন্দোপাধ্যায়।














মোট ১৫ জনের গভর্নিং বডি বা ম্যানেজমেন্ট কমিটি তৈরি করা হয়েছে। সাধারণ সভায় অন্যদের মধ্যে ছিলেন হরিনারায়ণ মিশ্র, দীপক রুদ্র, ডাঃ এসকে মাগো, উদয়ন চক্রবর্তী, গৌতম পাল ও পঙ্কজ মিত্র। ২০১৫ সাল থেকে সম্পাদকের দায়িত্ব সামলে আসা সোমনাথ বন্দোপাধ্যায় বলেন, ১৯৯২ সাল থেকে বিশেষ ক্ষমতা সম্পন্ন ছেলেমেয়েদের নিয়ে কাজ করে আসছে আসানসোল আনন্দম। এই মুহূর্তে আমাদের ১৫০ জনের মতো ছেলেমেয়ে রয়েছে। তিনি আরো বলেন, গত ৩৫ বছরে চারবার আমাদের কাজের স্বীকৃতি হিসেবে রাজ্য স্তরে রাজ্য সরকারের কাছ থেকে সম্মান পেয়েছি।
এদিনের সভায় নতুন কমিটি গঠন, অডিট, আগামী দিনের কাজের পরিকল্পনা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যাতে আরো ভালো কাজ করতে পারি, তারজন্য বিশিষ্ট প্রবীণ চিকিৎসক ডাঃ অশোক রায়কে সভাপতি মনোনীত করেছি। প্রসঙ্গতঃ, ডাঃ অশোক রায়ের কন্যা অগ্নিমিত্রা পাল বর্তমানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।


