আসানসোলের মন্দিরে ভিন রাজ্যের বাস চালকের অস্বাভাবিক মৃত্যু
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া মা ঘাঘর বুড়ি মন্দির চত্বরে রবিবার সকালে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। কলকাতা থেকে আসা একটি ট্যুরিস্ট বাস চালকের হৃদরোগে আক্রান্ত হন। পরে তিনি মারা যান। বিহারের সিওয়ানের বাসিন্দা মৃত বাস চালকের নাম বিশ্বেশ্বর পন্ডিত (৫৩)। এই বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে বাস চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়। ঘটনার খবর পেয়ে বাস চালকের পরিবারের সদস্যরা আসানসোল জেলা হাসপাতালে আসেন। বিকেলে পুলিশ তাদের হাতে দেহ তুলে দেয়।













পুলিশ সূত্রে জানা গেছে , কলকাতা থেকে যাত্রীবাহী ট্যুরিস্ট বাসটি রবিবার সকালে মা ঘাঘর বুড়ি মন্দিরে এসে পৌঁছায়। বাসটি মন্দির চত্বরে সবেমাত্র থেমেছে, তখনই চালক বিশ্বেশ্বর পন্ডিতের শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। মুহুর্তের মধ্যে তার স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটে। সহকর্মী ও যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই চালক অচৈতন্য হয়ে পড়েন।

এই ঘটনায় সেই সময় মন্দির চত্বরে থাকা পুর্ণ্যার্থী ও যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ মন্দিরে আসে। এরপর আসানসোল জেলা হাসপাতালে বাস চালককে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, ঐ বাসের যাত্রীদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দেয় মন্দিরের দায়িত্বে থাকা কালীপাহাড়ি ধর্মচক্র সেবা সমিতি।
এমন পরিস্থিতিতে, কালীপাহাড়ি ধর্মচক্র সেবা সমিতির সদস্যরা এক দৃষ্টান্ত স্থাপন করে সমস্ত যাত্রীর জন্য তাদের ধর্মশালায় থাকার এবং তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করেন। সমিতির এই উদ্যোগ যাত্রীদের স্বস্তি এনে দেয়। যাত্রীরা সমিতি এবং স্থানীয় লোকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই ঐ বাস চালক অসুস্থ হন ও পরে তিনি মারা যান। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

