ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জে যুবককে মারধর প্রতিবেশী দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারে খুনের অভিযোগ স্ত্রীর, বিক্ষোভ

*বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* এক যুবককে মারধরের অভিযোগ উঠলো প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে। পরে বাড়ি থেকে ঐ যুবকের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় স্ত্রী ঐ দম্পতির বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। সোমবার রাতে মারধর ও দেহ উদ্ধারের ঘটনা ঘটে। মৃত যুবকের নাম সন্তোষ বাদ্যকর (৪২)। মঙ্গলবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হয়। এরপর পরিবারের সদস্যরা আসানসোলের রানিগঞ্জ থানার রতিবাটি এলাকায় সন্তোষ বাদ্যকরের মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান। স্বাভাবিক ভাবেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ এলাকায় আসে।

পুলিশ তদন্ত করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই বিষয়ে রানিগঞ্জ থানার রতিবাটি এলাকার বাসিন্দা সন্তোষ বাদ্যকরের স্ত্রী অনিতা বাদ্যকর মঙ্গলবার বলেন, সোমবার আমার প্রতিবেশী দম্পতি নরেশ পাসি ও পিঙ্কি পাসি আমার চোখের সামনেই আমার স্বামীকে খুন করেছে। তিনি আরো বলেন, তারা দুজনেই একটি বড় পাথর দিয়ে আমার স্বামীকে আক্রমণ করে। আমি বাঁচাতে একে আমাকে ও আমার স্বামীকে মারধর করে। তারপর, তারা আমার মেয়েকে মারতে ছুটে যায়। আমার মেয়ে কোনোমতে একটি বাড়িতে লুকিয়ে প্রাণে বাঁচে।

তিনি বলেন, এই ঘটনার পর আমার স্বামী কিছুক্ষণের জন্য বাইরে যান। ফিরে এসে তিনি বলেন, তার বুকে ব্যথা করছে। কিন্তু ততক্ষণে রাত হয়ে যাওয়ায় তিনি ডাক্তার দেখাতে পারেননি। কিন্তু আমি মেয়েকে নিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে যাই। পরে ফিরে এসে নরেশ ও পিঙ্কিকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখি। ঘরে ঢুকে তিনি তার স্বামীকে গলায় দড়ি দেওয়া মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অনিতাদেবী স্পষ্ট অভিযোগ করেছেন যে নরেশ ও পিঙ্কি তাঁর স্বামীকে খুন করেছে।

তিনি চান তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। নরেশ ও পিঙ্কি যেভাবে তার স্বামীকে খুন করেছে, তাদেরও সারা জীবন জেলের পিছনে কাটানো উচিত। কিন্তু, প্রতিবেশী দম্পতি কেন সন্তোষ বাদ্যকরকে মারধর করেছে? এই প্রসঙ্গে অনিতা বাদ্যকর বলেন, আমরা গরীব। ওরা বড়লোক। আমরা কারোর কাছে কোন জিনিস চাইনা।

লোকের বাড়িতে কাজ করে সংসার চালাই। এটা ওদের সহ্য হতোনা। তাই তারা আমার স্বামীকে মেরেছে।এই ঘটনা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, রানিগঞ্জের এক যুবকের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *