বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা সরাসরি ফোনে আসানসোলবাসীর কথা শুনবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানানো যাবে সমস্যা ও অভিযোগ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের বোর্ড ভাঙ্গার ২৪ ঘন্টার মধ্যেই তৎপর হলো রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। আসানসোল পুরনিগম এলাকার বাসিন্দাদের কাছ থেকে অভাব, অভিযোগ ও সমস্যা শোনার ব্যবস্থা নিয়ে আসছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। এলাকার নাগরিক সমস্যার কথা সরাসরি শুনতে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত লাইভ ফোন-ইনে থাকবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।এই বিশেষ উদ্যোগে আসানসোল পুরনিগম এলাকার সাধারণ মানুষ ফোনের মাধ্যমে নিজেদের অভিযোগ, সমস্যা বা গুরুত্বপূর্ণ পরামর্শ সরাসরি জানাতে পারবেন।














রাস্তা, নিকাশি, পানীয় জল, রাস্তার আলো, পরিচ্ছন্নতা-সহ বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা এই নির্দিষ্ট সময়ে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।ফোনে যোগাযোগের জন্য দুটি নম্বর প্রকাশ করা হয়েছে। নম্বর দুটি হলো ০৩৪১-২৩০১১৫৫ ও ০৩৪১- ২৩০১১৫৬।পুর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের অভিযোগ ও পরামর্শ গুরুত্ব সহকারে শোনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

তাই আসানসোল পুরনিগম এলাকার বাসিন্দাদের নির্ধারিত সময়ে ফোন করে নিজেদের এলাকার সমস্যার কথা জানানোর অনুরোধ করা হয়েছে।সরকারি এই উদ্যোগটি বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছে দিতে সকলের কাছে আবেদনও জানানো হয়েছে। যাতে আরও বেশি নাগরিক এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন
।প্রসঙ্গতঃ, মঙ্গলবার ৭ জুলাই রাজ্য সরকার আসানসোল পুরনিগম বোর্ড ভেঙে দিয়েছে। আপাততঃ রাজ্য সরকারের নির্দেশে আসানসোল পুরনিগমের পুর প্রশাসকের দায়িত্ব সামলাবেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও অদিতি চৌধুরী।

