কুলটিতে অবৈধ লোহা কাটাই কারখানায় পুলিশের হানা উদ্ধার ৪ হাজার কেজি ঢালাই রড, কর্মী গ্রেফতার, পলাতক মালিকের খোঁজে তল্লাশি
*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ রাধানগর এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি অবৈধ লোহা কাটাই কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার কেজি ঢালাইয়ের রড, একটি গ্যাস কাটার মেশিন, একটি ওয়েট মেশিন-সহ কাটাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, কারখানাটি বাবলু সাউ নামে এক ব্যক্তির বলে দাবি করা হচ্ছে।এই অভিযানের সময় ঐ কারখানায় কর্মরত জয় কুমার রবি দাস নামে এক কর্মীকে গ্রেফতার করে কুলটি নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।














মঙ্গলবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।তদন্তকারীরা উদ্ধার হওয়া বিপুল পরিমাণ লোহার উৎস, সেগুলি বৈধ নাকি চোরাই মাল এবং এই কারবারের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এর পিছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে।এদিকে অভিযানের খবর পেয়ে কারখানার মালিক বাবলু সাউ এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বর্তমানে সে পলাতক। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তকারীদের মতে, বাবলু সাউকে গ্রেফতার করা গেলে অবৈধ লোহা কাটাই ও পাচার চক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।উল্লেখ্য, কুলটি ও নিয়ামতপুর এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ লোহা কাটাই ও চোরাই লোহার কারবারের অভিযোগ উঠছে। এই অভিযানের পরে লোহা কারবার ও চক্রের বিরুদ্ধে আরো বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

