দুর্গাপুরে আবারও তৃণমূল সাংসদ দোলা সেনকে কালো পতাকা বিজেপির, উত্তেজনা
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরে আবারও রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখালেন বিজেপি কর্মী ও সমর্থকরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর হাউজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন দুর্গাপুরের ইস্পাত নগরীর দুর্গাপুর হাউসে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এইচ তি কুমারস্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন। বৈঠক শেষে তিনি দুর্গাপুর হাউস থেকে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় বিজেপি কর্মী ও সমর্থকরা তাঁর গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।














এরপর কালো পতাকা দেখিয়ে “চোর চোর” স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য দুর্গাপুর হাউসের বাইরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ। দোলা সেনের গাড়িকে কোন রকম বাধা,ছাড়াই পুলিশ বার করে দেয়।
এই প্রসঙ্গে বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির চোর নেতারা বিজেপির গা ঘেঁষার চেষ্টা করছে। সেই কারণেই আমরা দোলা সেনকে কালো পতাকা দেখিয়েছি। দোলা সেন খারাপ তৃণমূলের সঙ্গে যুক্ত।তবে, বিজেপির কালো পতাকা দেখানো নিয়ে দোলা সেনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।


