Tuesday, September 22, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, September 22, 2026
Bengal Mirror
ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জে ভারী যানবাহনের দাপটে বেহাল রাস্তা, বাড়ছে দুর্ঘটনা ক্ষুব্ধ গ্রামবাসীদের রাস্তা অবরোধ, বিক্ষোভ

*বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* দীর্ঘদিন ধরে অতিমাত্রায় ভারী যানবাহনের অবাধ চলাচলের ফলে পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের নিমচা থেকে কারনালি যাওয়ার রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচ এবং ধুলোর কারণে প্রতিদিনই চরম দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।গ্রামবাসীদের দাবি, কয়লা, পাথর ও অন্যান্য ভারী মালবোঝাই ট্রাক দিনের পর দিন অতিরিক্ত ওজন নিয়ে এই রাস্তা ব্যবহার করছে।

তার জেরেই রাস্তার দ্রুত অবনতি ঘটেছে। বর্ষার সময় গর্তে জল জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুলপড়ুয়া, প্রবীণ এবং মোটরবাইক আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেহাল দশার কারণে জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে। অ্যাম্বুল্যান্স, স্কুলবাস এবং নিত্যপ্রয়োজনীয় যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বহু মানুষ আহত হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। সোমবার বাধ্য হয়ে তারা কারনালি গ্রামে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দ্রুত রাস্তা সংস্কার, অতিরিক্ত ওজনের যানবাহনের চলাচলে কড়া নজরদারি ও নিয়মিত পুলিশি তদারকির দাবি জানিয়ে অবরোধ করেন। এই অবরোধ বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, অবিলম্বে রাস্তা মেরামত ও ভারী যানবাহনের নিয়ন্ত্রণে প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে রাস্তা অবরোধ বিক্ষোভ তুলে দেয়।তবে, এ বিষয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *