দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় ১৯ নং জাতীয় সড়কে পিকআপ ভ্যান উল্টে আহত ৫
*বেঙ্গল মিরর, কাঁকসা ( দুর্গাপুর), রাজা বন্দোপাধ্যায়ঃ* পথ দুর্ঘটনায় আহত হলেন পাঁচ জন। বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধ এলাকায় আসানসোলগামী লেনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি পিকআপ ভ্যানে করে জাতীয় সড়কে রঙ করার কাজ করছিলেন ৫ জন শ্রমিক। পিকআপ ভ্যানটির মুখ ছিল কলকাতার দিকে। বুধবার দুপুরে কলকাতা থেকে আসানসোল গামী একটি ট্রাক আসানসোল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা মারে।














ধাক্কায় পিকআপ ভ্যানটি উল্টে যায়। সেই সময় রং করার কাজ করা পাঁচ জন শ্রমিক কমবেশি জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ এবং কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছায়।
পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কে আসানসোলগামী রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। কাঁকসা থানার পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচলের স্বাভাবিক করে।


