ডিপিএলের কুলিং টাওয়ারে মর্মান্তিক দুর্ঘটনা, পড়ে মৃত্যু দুই ঠিকা কর্মীর
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কুলিং টাওয়ারে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় দুই ঠিকা কর্মীর মৃত্যু হলো। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম হলো অন্ডালের উমেশ সাউ (৫৪) ও দুর্গাপুর বিজোনের পিন্টু কুমার ঘোষ (৪৯)। ডিপিএল কতৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। শ্রমিক সংগঠন বিএমএসের তরফে দুই মৃত কর্মীর পরিবারের একজনকে চাকরি ও ১৫ লক্ষ টাকা এককালীন ক্ষতি পূরণ ও দেহ সৎকার সহ অন্য কাজের জন্য আরো ৬০ হাজার টাকা দেওয়ার দাবি করা হয়েছে। এইসব কিছু তিনদিনের মধ্যে করতে বলা হয়েছে।














জানা গেছে , গত ৩/৪ দিন ধরে শাটডাউন করে ৭ নং কুলিং টাওয়ারের রেলিং কাটার কাজ চলছিলো। বুধবার সকালে এই কাজ চলাকালীন আচমকাই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান দুই ঠিকা কর্মী উমেশ সাউ ও পিন্টু কুমার ঘোষ। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ। আসেন শ্রমিক সংগঠন বিএমএস নেতৃত্ব। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় ডিপিএলে কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।ডিপিএলের পিআরও স্বাগতা মিত্র বলেন, কুলিং টাওয়ারে কাজ করার সময় এদিন সকালে উপর থেকে দুই ঠিকা কর্মী পড়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। কতৃপক্ষ এই ঘটনা কেন ঘটলো তা তদন্ত করে দেখছে।


