রথযাত্রার পুণ্যলগ্নে বার্নপুরে দুর্গাপূজোর খুঁটিপুজোর সূচনা, ক্লাব কালচার নিয়ে সরব মন্ত্রী অগ্নিমিত্রা পাল
*বেঙ্গল মিরর, বার্নপুর, (পশ্চিম বর্ধমান), রাজা বন্দোপাধ্যায়ঃ* “রথ টানলে দুর্গা আসে” বাঙালির এই চিরন্তন ধারণাকে সঙ্গী করেই বৃহস্পতিবার রথযাত্রার দিন আসানসোলের বার্নপুরে নেতাজি স্পোর্টিং ক্লাবে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো দুর্গাপুজোর খুঁটিপুজো। ঢাকের আওয়াজ আর উলুধ্বনির মধ্যে দিয়ে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বলা যেতে পারে, এই খুঁটিপুজোর মধ্যে দিয়েই আসানসোল শিল্পাঞ্চলে শুরু হয়ে গেল শারদোৎসবের দিন গোনা।তবে উৎসবের এই আবহের মধ্যে এদিন রাজ্যের ‘ক্লাব কালচার’ নিয়ে কড়া সমালোচনা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।














তিনি বলেন , শাসকদল যাতে কোনভাবেই রাজনৈতিক ফায়দা তুলতে বা বুথ রিগিংয়ের উদ্দেশ্যে ক্লাবগুলোকে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করা দরকার। তিনি বলেন , ক্লাবগুলোর আসল উদ্দেশ্য হওয়া উচিত বছরভর রক্তদান শিবির, লাইব্রেরি কিংবা অঙ্কন প্রতিযোগিতার মতো সামাজিক কাজ করা। কেবল মাত্র পুজোর কটা দিন মেতে থাকাটা কোন ক্লাবের কালচার হতে পারেনা। পাশাপাশি, পরিবেশবান্ধব পুজোর জন্য পুরস্কারের কথাও উল্লেখ করে তিনি বলেন, রাজ্য সরকার গোটা বিষয়টি নিয়ে ভাবছে। এদিনের অনুষ্ঠানে স্থানীয় মানুষের পাশাপাশি ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


