দ্বারকা নগরীর আদলে পান্ডবেশ্বরের শংকরপুর সার্বজনীনের পুজো, খুঁটি পূজোয় বিধায়ক
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* খুঁটি পূজোর মধ্য দিয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হল পান্ডবেশ্বরের শংকরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের শারদোৎসবের প্রস্তুতি। এই বছরে এই পুজো কমিটির পুজোর থিম ‘দ্বারকা নগরী’। রবিবার সকাল ঢাকের তালে, কচিকাঁচাদের নৃত্য পরিবেশনা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।খুঁটি পূজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি এবং দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।














প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।উদ্যোক্তারা বলেন, গত কয়েক বছরের মতো এবারও দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ নিয়ে আসছে শংকরপুর সার্বজনীন দুর্গোৎসব। এবারের থিম ‘দ্বারকা নগরী’।

এই থিমকে বাস্তব রূপ দেবে দুর্গাপুরের অনিমা ডেকোরেটর। তাঁদের আশা, মণ্ডপ ও আলোকসজ্জা এবারও দুর্গাপুরবাসীর নজর কাড়বে।পুজোর বাজেট এখনও চূড়ান্ত না হলেও, দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক আয়োজন করতে তারা বদ্ধপরিকর বলে জানিয়েছেন উদ্যোক্তারা।


