Wednesday, July 22, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, July 22, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

মৃত্যুর আগে বিস্ফোরক ভিডিও ভাইরাল ! ‘ভয় দেখিয়ে মিথ্যা বলানো হয়েছিল’ সুন্দরা সূত্রধর কাণ্ডে নতুন করে পাণ্ডবেশ্বরে শোরগোল, রাজনৈতিক বিতর্ক

*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর (বেলডাঙার হুচুকডাঙা) এলাকার বাসিন্দা সুন্দরা সূত্রধরের আত্মহত্যার ঘটনাকে ঘিরে নতুন করে শোরগোল ফেললো। একইসাথে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি, পাণ্ডবেশ্বরের বর্তমান বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি সমাজমাধ্যমে সুন্দরা সূত্রধরের জীবিত অবস্থায় রেকর্ড করা একটি নতুন ভিডিও প্রকাশ্যে আনেন। ভাইরাল হওয়ার সেই ভিডিওতে সুন্দরা সূত্রধর অভিযোগ করে বলছেন, তাঁকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে এবং মানসিক চাপ সৃষ্টি করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়েছিল।

ভিডিওতে তিনি পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা জেলা হাসপাতালে নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। তার নিজের মৃত্যুর জন্যও তাঁকেই দায়ী করার কথা বলতে শোনা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই কয়েক মাস আগের এই ঘটনা নিয়ে আবারও জেলার রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

ঘটনার সূত্রপাত হয় বাংলা আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি প্রথম সুন্দরা সূত্রধরের একটি ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করেন। সেই ভিডিওতে একটি গোয়ালঘরকে তাঁর বসবাসের ঘর বলে দাবি করে অভিযোগ করা হয়। সরকারি আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও তিনি তা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন, এমনটাও দাবি করা হয়।

পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে তাঁকে সরকারি ঘর দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল বিজেপির তরফে।এর পরদিনই তৎকালীন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষ থেকে আরেকটি ভিডিও প্রকাশ বা ভাইরাল করা হয়। সেই ভিডিওতে সুন্দরা সূত্রধর দাবি করেন, আগের ভিডিওটি তিনি টাকার বিনিময়ে করেছিলেন। শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁর একটি পাকা বাড়ি রয়েছে ও নিয়ম অনুযায়ী তিনি সরকারি আবাসের সুবিধা পাওয়ার যোগ্য নন।

এর কিছুদিন পরে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি, সুন্দরা সূত্রধরের ঝুলন্ত দেহ তাঁর বাড়ির সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসা সেই গোয়ালঘর থেকে উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছিলো বিশাল পুলিশ বাহিনী।

সেই সময় এই আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়। মৃতার পরিবার ও তাঁর ছেলের পক্ষ থেকে রাজনৈতিক চাপ এবং জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা নিয়ে অভিযোগ তোলা হয়। অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছে তৎকালীন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেছিলেন, অতিরিক্ত মানসিক অবসাদের কারণেই এই মৃত্যু হয়েছে।এবার জিতেন্দ্র তিওয়ারির প্রকাশ করা নতুন ভিডিও ঘটনায় নতুন মোড় এনে দিয়েছে।

ভিডিওতে সুন্দরা সূত্রধর দাবি করছেন, তাঁকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে এবং মানসিক চাপ সৃষ্টি করে আগের বক্তব্য বদলাতে বাধ্য করা হয়েছিল। ভিডিওতে তিনি সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন এবং নিজের মৃত্যুর জন্যও তাঁকেই দায়ী করার কথা বলতে শোনা যায়। এই ভিডিও প্রকাশ্যে আসার পরে সব পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জোরালো হয়েছে।তবে, ভিডিও ও সেখানে করা অভিযোগগুলির সত্যতা যাচাই করা হয়নি।

একইভাবে এক পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগের তদন্ত বা আদালতের কাছ থেকে কোন নির্দেশ আসেনি। এদিকে সঞ্জয় চক্রবর্তী, নরেন্দ্রনাথ চক্রবর্তী বা অন্য অভিযুক্তদের পক্ষ থেকে ভাইরাল হওয়া নতুন ভিডিও নিয়ে কোন প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।ফলে, বলা যেতেই পারে, সুন্দরা সূত্রধরের মৃত্যুকে ঘিরে প্রকাশ্যে আসা এই নতুন ভিডিও পুরনো বিতর্ককে আবারও উসকে দিয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *