ASANSOL

মাসিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে আসানসোলে প্রতিবন্ধীদের বিক্ষোভ, জেলাশাসকের কাছে স্মারকলিপি

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সমিতির উদ্যোগে বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে বিপুল সংখ্যায় প্রতিবন্ধী মানুষ অংশ নেন। তারা দীর্ঘদিনের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের আবেদন করেন।বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল, রাজ্যের প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ৫,০০০ টাকা ভাতা প্রদান করতে হবে। যা বর্তমান মাত্র ১ হাজার টাকা। পাশাপাশি, সরকারি বাসে প্রতিবন্ধীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা নিশ্চিত করারও দাবি তোলা হয়।

এছাড়াও, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়।বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের নানা সমস্যার সমাধান হচ্ছে না। তাই সরকার যেন তাঁদের দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। কর্মসূচি চলাকালীন নিজেদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগানও তোলেন তাঁরা।বিক্ষোভ শেষে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপির মাধ্যমে প্রতিবন্ধীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং তাঁদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *