ASANSOL

আসানসোলে যানজট স্থায়ী সমাধান কালিপাহাড়ি থেকে দামোদর ফ্লাইওভারের প্রস্তাব, মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারকে চিঠি অগ্নিমিত্রা পালের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শহর থেকে বার্নপুর পর্যন্ত দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে উদ্যোগী হলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই লক্ষ্যে আসানসোলের কালিপাহাড়ি থেকে বার্নপুরের দামোদর পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারকে বুধবার চিঠি দিলেন অগ্নিমিত্রা পাল।বুধবার তিনি মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার দীর্ঘদিনের যানজটের সমস্যা তুলে ধরেন। তার কাছে জনস্বার্থে দ্রুত একটি ফ্লাইওভার নির্মাণের আবেদন জানান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কালিপাহাড়ি থেকে দামোদর পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ, অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং ভারী পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে দিনের বেশিরভাগ সময়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। যে কারণে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোলের মানুষের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও দ্রুত করতে এই ফ্লাইওভার অত্যন্ত জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।অগ্নিমিত্রা পালের এই উদ্যোগকে ঘিরে আসানসোল ও বার্নপুরের এলাকাবাসীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাঁদের মতে, ফ্লাইওভার নির্মিত হলে দীর্ঘদিনের যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে এবং আসানসোলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *