আসানসোল ও দুর্গাপুরে ইসকনের উল্টো রথ, হাজারো ভক্তের ঢল, মাসির বাড়ি থেকে মন্দিরে জগন্নাথদেব
*বেঙ্গল মিরর, আসানসোল ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আটদিন মাসির বাড়িতে থাকার পরে শুক্রবার বিকেলে উল্টো রথযাত্রায় নিজের মন্দিরে বলরাম ও শুভদ্রা নিয়ে মন্দির ফিরলেন জগন্নাথ দেব। এদিন বিকেলে আসানসোল ইসকনের উল্টো রথযাত্রার শোভাযাত্রা বেরোয় চিত্রা মোড় সংলগ্ন পোলো গ্রাউন্ড থেকে। এই উল্টো রথযাত্রায় হাজারো ভক্তের ঢল নামে। ছিলেন প্রচুর সাধারণ মানুষও। আসানসোল উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় রশি টেনে উল্টো রথযাত্রার সূচনা করেন। ছিলেন আসানসোল ইসকনের প্রভু দয়াচন্দ নিতাই দাস।














এই উল্টো রথযাত্রা পোলো গ্রাউন্ড থেকে শুরু হয়ে বার্নপুর রোড, ভগৎ সিং মোড়, সেনরেল রোড বা বিবেকানন্দ সরণী হয়ে গাড়ুইয়ে মন্দিরে গিয়ে শেষ হয়। সেখানে ভক্তদের জন্য প্রসাদ দেওয়া হয়। অন্যদিকে, উল্টো রথ উপলক্ষে শুক্রবার দুর্গাপুরের ইসকনের রথযাত্রায় উপচে পড়ে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। আকবর রোডের অস্থায়ী মাসির বাড়ি থেকে শুক্রবার প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ ফিরে যাচ্ছে দুর্গাপুর ইসকন মন্দিরে।
এই উপলক্ষে দুপুর থেকেই রথের এক ঝলক দেখতে এবং প্রভু জগন্নাথের দর্শন পেতে দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত সমবেত হন। হরিনাম সংকীর্তনের তালে তালে নাচে-গানে মেতে ওঠেন ভক্তরা। ভক্তিমূলক সঙ্গীত ও ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রথযাত্রার পথে ভক্তদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
উৎসবকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রথযাত্রার পুরো পথজুড়ে মোতায়েন ছিল পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। তাদের তৎপরতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হচ্ছে উল্টো রথের এই ঐতিহ্যবাহী উৎসব।

