কুলটির রামপুর চেকপোস্টে তোলাবাজি কাণ্ড : ঝাড়গ্রাম থেকে গ্রেফতার দুই সাসপেন্ড এমভিআই, ২ দিনের পুলিশ হেফাজত
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে কুলটি থানার রামপুর চেকপোস্টে ডান্ডা ট্যাক্সর নামে তোলাবাজি ও ঘুষ নেওয়ার অভিযোগে দুই মোটর ভেহিকেলস ইন্সপেক্টর বা এমভিআইকে শনিবার রাতে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। ধৃতদের নাম নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়।অভিযোগ, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে কুলটি থানার রামপুর চেকপোস্ট আন্তরাজ্য সীমানায় গাড়ি চলাচলের সুযোগ নিয়ে ঐ দুই আধিকারিক বেআইনিভাবে একটি ট্রাক আটকে ২২ হাজার টাকা ঘুষ নেন।














এই বিষয়টি সামনে আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গত ২৩ জুলাই বৃহস্পতিবার রাজ্যের পরিবহণ দপ্তর ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রুলস, ১৯৭১’ আওতায় দুজনকে সাসপেন্ড করে। তদন্তের দায়িত্ব অ্যান্টি-করাপশন ব্যুরোকে দেওয়া হয়। কুলটি থানায় এই নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছিলো । সাসপেন্ড হওয়ার পর থেকে দুই এমভিআই গাঢাকা দেন। শেষ পর্যন্ত অভিযুক্তদের ঝাড়গ্রাম থেকে শনিবার রাতে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা শাখা বা ডিডি।
রবিবার ধৃতদেরকে সাতদিনের হেফাজত চেয়ে আসানসোল আদালতে পেশ করে পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, ধৃতদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জেরা করে আসল তথ্য জানার চেষ্টা করা হবে।


