ASANSOL

ঘুষ কান্ডে দুই এমভিআই গ্রেফতার তদন্তে রামপুর চেকপোস্টে পুলিশ আধিকারিকরা

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার বাংলা ঝাড়খণ্ড সীমান্তে মোটর ভেহিক্যালস দপ্তরের রামপুর চেকপোস্টের দুই ইন্সপেক্টরকে ট্রাক আটকে বেআইনি ভাবে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতারের পরের দিন সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (কুলটি) জাবেদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এমভিআই চেকপোস্টে আসেন। এই ঘটনার তদন্ত করতেই এদিন তারা সেখানে আসেন।

তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ এমভিআই দপ্তরের আধিকারিকরা। পুলিশের তরফেও এই নিয়ে কোন কিছু বলা হয়নি।প্রসঙ্গতঃ, রামপুর চেকপোস্ট কর্মরত দুই দুই এমভিআইকে ঘুষ নেওয়ার অপরাধে সাসপেন্ড করা হয় গত ২৩ জুলাই বৃহস্পতিবার। পরের দিন শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সোশাল মিডিয়া বা সমাজ মাধ্যমে এই কথা জানান।

পাশাপাশি তিনি এই নিয়ে রাজ্য সরকারের কড়া বার্তা দেন। সাসপেন্ডের দুই এমভিআই বেপাত্তা হয়ে যান। এই নিয়ে কুলটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। খোঁজ শুরু হয় দুই এমভিআইয়ের। শেষ পর্যন্ত ঝাড়গ্রাম থেকে শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা দপ্তর বা ডিডির আধিকারিকরা। রবিবার তাদেরকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *