দুর্গাপুরে উদ্যোগপতিদের সঙ্গে বৈঠকে শিল্প মন্ত্রী তাপস রায়
বিনিয়োগ আনতে পরিকল্পনা, রাজ্য সরকারের কাছে একাধিক দাবি ও প্রস্তাব
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে এবং নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলা সহ দক্ষিণবঙ্গের শিল্পপতি, উদ্যোগপতি ও নবীন উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার, শিল্প, বাণিজ্য ও উপভোক্তা বিষয়ক দপ্তরের প্রতি মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র ও দুর্গাপুরের বিধায়ক চন্দ্রশেখর বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে এই বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে শিল্পাঞ্চল দুর্গাপুরে নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।














মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী, রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক শিল্প প্রকল্পের উদ্যোগ নিয়েছে। শ্যাম স্টিলের নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং আমুলের কারখানা তৈরির কাজও এগোচ্ছে। লক্ষ্য, প্রতিটি জেলায় নতুন শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। বৈঠক শেষে শিল্প মন্ত্রী তাপস রায় বলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শিল্পাঞ্চল দুর্গাপুরকে বিশেষ গুরুত্ব দিয়ে শিল্পপতি ও নতুন উদ্যোক্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিকে পুনরুজ্জীবিত করার বিষয়েও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিল্প মন্ত্রী বলেন, আগের সরকার কিছু করে যায়নি। সবকিছু আমাদেরকে নতুন করে করতে হচ্ছে। শিল্প পলিসি, জমি পলিসি কোনকিছুই ছিলোনা। আমাদের তা করতে হচ্ছে। আগষ্ট মাসের রাজ্য সরকার শিল্প পলিসি করতে চলেছে। আগে এই ধরনের কোন বৈঠক এখানে হয়নি, শুনে খুবই খারাপ লাগছে। তিনি আরো বলেন, রাজ্য সরকারের পরিকল্পনা ও ভাবনাচিন্তা আমি এদিন শিল্পপতিদের বলেছি। তাদের কথাও শুনতে। তারা আমাকে বেশকিছু প্রস্তাব দিয়েছেন। সবকিছু নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে আলোচনা করবো। সরকারের লক্ষ্য হলো পুরনো শিল্পের সম্প্রসারণ করা ও নতুন শিল্পকে বাংলায় আনা।


