সমাজ সংস্কারক রবি দাসের ৬৫০ তম জন্মজয়ন্তী পালনে আসানসোলে অনুষ্ঠান
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* মহান সমাজ সংস্কারক সন্ত রবি দাসের ৬৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আসানসোলের মা ঘাগরবুড়ি মন্দিরে এক ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি সহ বিজেপির অন্যান্য কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অরিজিৎ রায় একটি কলস মাথায় নিয়ে শোভাযাত্রায় হাঁটেন।














এই বিষয়ে দেবতনু ভট্টাচার্য বলেন, মহান সমাজ সংস্কারক সন্ত রবিদাসের ৬৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে গোটা দেশজুড়ে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। তার জন্মস্থান বেনারস থেকে একটি কলসে সেখানকার পবিত্র মাটি নিয়ে আসা হয়েছে। সেই কলস বৃহস্পতিবার আসানসোল এসে পৌঁছেছে। ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই ধার্মিক কর্মসূচি চলবে। এই পবিত্র মাটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ব্লক বুথ স্তরে নিয়ে যাওয়া হবে এবং সাধারণ মানুষকে সন্ত রবিদাসের জীবন এবং কাজ সম্বন্ধে জানানো হবে বলে বিজেপির জেলা সভাপতি জানিয়েছেন।

