ASANSOL

পশ্চিম বর্ধমানে ১২৫ দিনের কাজ আসানসোলে মন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলায় ১০০ দিনের পরিবর্তে নতুন রাজ্য সরকারের ঘোষণা করা ১২৫ দিনের কাজ ( ভিবিজী রামজী প্রকল্প) নিয়ে আসানসোলের কল্যানপুরে ডিএম বা জেলাশাসক কার্যালয়ে শনিবার এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার, জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, বারাবনির বিধায়ক অরিজিৎ রায় ও জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ছিলেন বিভিন্ন ব্লকের বিডিওরা ও সরকারি আধিকারিকরা।বৈঠক শেষে অরিজিৎ রায় বলেন, আগষ্ট মাসেই এই নতুন সরকারি প্রকল্পের শুরু হচ্ছে ।

বিগত সরকারের আমলে ১০০ দিনের কাজ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছিলো । সেই কারণে কেন্দ্রীয় সরকার বাংলায় এই কাজ বন্ধ রেখেছিল। বিজেপি সরকার ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজ দেওয়ার ব্যবস্থা করেছে। এরফলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। তিনি আরো বলেন, অদক্ষ শ্রমিকদের জন্য ৩০০ টাকা এবং সুপারভাইজারদের জন্য প্রায় সাড়ে ৪৫০ টাকা মজুরি হিসেবে দেওয়া হবে।

তৃণমূল কংগ্রেসের সরকারের দুর্নীতিকে মাথায় রেখে এবং দুর্নীতি আটকাতে কর্মীদের হাজিরা থেকে শুরু করে পুরো বিষয়টিকেই পেপার লেস করা হবে। তিনি বলেন, পুকুর খনন থেকে শুরু করে গাছ লাগানো সব বিষয়টির উপরেও এবারে জোর দেওয়া হচ্ছে। তার সঙ্গে অন্যান্য কাজ তো থাকবেই। সবচেয়ে বড় হলো সরকারের স্থায়ী সম্পদ সৃষ্টি করার ক্ষেত্রটি মাথায় রেখে এই কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *