ASANSOL

শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালনে আসানসোলের শিব মন্দিরে বিশেষ পুজো ও রুদ্রাভিষেক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালনে এদিন আসানসোলের এসবি গড়াই রোডের আসানসোল জেলা হাসপাতাল সংলগ্ন আমবাগান দুর্গা মন্দিরের শিব মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এর পাশাপাশি আয়োজন করা হয়েছিলো রুদ্রাভিষেকেরও। এলাকার মহিলারা এই পুজোয় অংশ নেন। সকাল থেকে মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এই পুজোয় অংশ নেন। শিবের মাথায় দুধ ও জল ঢেলে পুজো করা হয়। পরে দুপুরে শুরু হয় রুদ্রাভিষেক। তা বিকেল পর্যন্ত চলে। এই আয়োজন নিয়ে মন্দিরের তরফে বন্দনা গাঙ্গুলি বলেন, প্রতি বছরই এই পুজো ও রুদ্রাভিষেক করা হয়।

এলাকার সব মানুষ এতে অংশ গ্রহণ করেন। এই রুদ্রাভিষেক হলো সনাতন হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেবের (রুদ্র রূপ) পূজার এক পবিত্র বৈদিক আচার। এই আচারে মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গের ওপর ধারাবাহিকভাবে পবিত্র জল ও নানা দ্রব্য নিবেদন করা হয়। শুদ্ধ জল ও গঙ্গাজল হলো শিবলিঙ্গ স্নান করানোর মূল উপাদান।

পঞ্চামৃত তৈরি করা হয় দুধ, দই, ঘি, মধু ও চিনি বা বাতাসা একসঙ্গে মিশিয়ে। এছাড়াও আখের রস, ডাবের জল বা ঘোল ব্যবহার করা হয়। এর পাশাপাশি লাগে বেলপাতা, আকন্দ ফুল, ধুতুরা ও সাদা ফুল। শ্রাবণ মাসের প্রতি সোমবার, মহাশিবরাত্রি, প্রদোষ কাল এবং অমাবস্যা ও পূর্ণিমা তিথি রুদ্রাভিষেকের জন্য সর্বশ্রেষ্ঠ।একইসাথে, আসানসোল শহরের পাশাপাশি শিল্পাঞ্চলের অন্য মন্দিরেও এদিন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার নিষ্ঠা সহকারে পালিত হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *