আসানসোল ওল্ড স্টেশন কালচারাল ক্লাবের কালিপুজোর প্রস্তুতি শুরু খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ নির্মাণের সূচনা
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের ঐতিহ্যবাহী ওল্ড স্টেশন কালচারাল ক্লাবর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলা এবারের ৬৭ তম কালিপুজোর প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে। পুজোকে আরও বর্ণাঢ্য ও স্মরণীয় করে তুলতে শুক্রবার বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূর্ণ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয় এবং আনুষ্ঠানিকভাবে মণ্ডপ নির্মাণের কাজের সূচনা করা হয়।খুঁটি পুজোর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।














এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমাত্মানন্দজি মহারাজ, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সচিন রায়, এইচ. এন. মিশ্র, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস”র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায় এবং রথীন মুখোপাধ্যায় । সকলেই একসঙ্গে পূজার্চনা করে মণ্ডপ নির্মাণের শুভ সূচনা করেন।খুঁটি পুজোর পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতারও পরিচয় দেওয়া হয়।

অনুষ্ঠানে বহু দুঃস্থ মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। যেখানে বহু মানুষ রক্তদান করে মানবসেবার বার্তা দেন।অনুষ্ঠানে ক্লাবের সক্রিয় সদস্য মধু বসু, পুরণ প্রসাদ, রজেত প্রসাদ, ফুফা বসু, বিক্কু গোপ, শ্যামল দাস সহ অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ক্লাব সূত্রে জানা গেছে, এবারের কালিপুজো আগের বছরের তুলনায় আরও বড় আকারে আয়োজন করা হবে।
সেই লক্ষ্যেই নির্ধারিত সময়ের অনেক আগেই মণ্ডপ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এ বছর প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে মা কালির প্রতিমা নির্মাণ করা হবে। আয়োজকদের দাবি, বিশাল ও আকর্ষণীয় এই প্রতিমা সমগ্র এলাকার দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।পুজো উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাও রাখা হবে, যাতে সকলেই আনন্দ ও ভক্তিভরে কালীপুজোর উৎসবে সামিল হতে পারেন।


