জামুুড়িয়ায় চাঞ্চল্য বাড়ি থেকে যুব তৃণমূল নেতার স্ত্রীর দগ্ধ দেহ উদ্ধার, আটক স্বামী
*বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাড়ির ভেতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হলো তৃণমূল যুব কংগ্রেসের নেতার স্ত্রীর দেহ। মঙ্গলবার সকালের এই ঘটনায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ার কেন্দা ফাঁড়ির সোনপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পম্পা মণ্ডল (৪০)। বাড়ির ভিতর থেকেই তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মৃত্যু কি আত্মহত্যা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ?পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সোনপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে পম্পা মণ্ডলের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ।













দেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। একই সঙ্গে মৃতার স্বামী নরোত্তম মণ্ডল ওরফে নিতাইকে আটক করেছে পুলিশ।প্রসঙ্গতঃ, নরোত্তম মণ্ডল পাণ্ডবেশ্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি। দলের অন্দরে তিনি পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
পম্পার বাপের বাড়ি আসানসোলের সালানপুর থানার সামডি গ্রামে।পুলিশ ও স্থানীয় আরো সূত্রে জানা গেছে, নির্বাচনের ফল বেরোনোর পর নরোত্তম দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন। পরবর্তী সময়ে ভোট-পরবর্তী হিংসা, তোলাবাজি সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কয়েক দিন জেল হেফাজতে থাকার পর বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন। এ দিন সকালে তাঁর বাড়ি থেকেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে।
ঠিক কি ভাবে পম্পার মৃত্যু হল? আগুন কি ভাবে লাগল? ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ বলে জানা গেছে ।তৃণমূল যুব কংগ্রেসের নেতার স্ত্রীর এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে তদন্তকারীরা। পাশাপাশি ঘটনাস্থলের পরিস্থিতি এবং অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায় ।

