ASANSOL

নির্মল বায়ু সমীক্ষা ২০২৬ বাংলার প্রধান শহরগুলির র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পতন, ২৩ তম স্থানে নামল আসানসোল

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত সর্বশেষ নির্মল বায়ু সমীক্ষা ২০২৬-এর র‍্যাঙ্কিংয়ে পশ্চিমবঙ্গ একটি বড় ধাক্কা খেয়েছে। বায়ু বা বাতাসের গুণমান এবং দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার দিক থেকে রাজ্যের প্রধান শিল্প ও মহানগরীগুলি বেশ কয়েক ধাপ নিচে নেমে গেছে।১০ লক্ষের বেশি জনসংখ্যাবিশিষ্ট প্রধান শহরগুলির (ক্যাটাগরি ১) মধ্যে আসানসোলের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় পতন ঘটেছে। আসানসোল, যা গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে ২০তম স্থান ধরে রেখেছিল। এবার ২৩ তম স্থানে নেমে এসেছে। এদিকে, রাজ্যের রাজধানী কলকাতা এবং শিল্প শহর হাওড়ার অবস্থা অত্যন্ত শোচনীয়।

হাওড়া ৩১ তম স্থানে থাকলেও, কলকাতা একেবারে তলানি থেকে মাত্র এক ধাপ নিচে নেমে ৩৮ তম স্থানে এসেছে। এই পরিসংখ্যানগুলি রাজ্যের প্রধান শহরগুলিতে ক্রমবর্ধমান বায়ু দূষণ এবং ধূলিকণা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।সেই দিক থেকে দুর্গাপুর ও হলদিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলছে। মহানগরীগুলোর দুর্বল বা খারাপ পারফরম্যান্সের বিপরীতে, রাজ্যের মাঝারি ও ছোট শহরগুলো আশার আলো দেখিয়েছে:রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প শহর দুর্গাপুরের (জনসংখ্যা ৩ লক্ষ থেকে ১০ লক্ষ ) একটি বিভাগে র‍্যাঙ্কিংয়ে সামান্য উন্নতি হয়েছে।

এই শহর ৩৭তম থেকে কায়েক ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠে এসেছে।অন্য একটি (জনসংখ্যা ৩ লক্ষের কম)বন্দর নগরী হলদিয়া ছোট শহরের বিভাগে একটি উল্লেখযোগ্য অগ্রগতি ঘটিয়েছে। পরিকল্পিত চেষ্টার ফলে হলদিয়া দেশে ৯ম থেকে চার ধাপ এগিয়ে ৫ম স্থানে উঠে এসেছে।বিশেষজ্ঞদের মতে, নির্মাণকাজের ধূলিকণা, যানবাহনের নির্গমন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় শিথিলতার কারণে বড় শহরগুলোর র‍্যাঙ্কিং নিচে নেমে গেছে। যা মোকাবিলায় পুরসভাগুলোকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে বলে তারা মনে করেন। এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকেও এগিয়ে আসতে হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *