ASANSOLPANDESWAR-ANDAL

অন্ডালে এক রাতে ছটি খনি আবাসনে চুরি, আতঙ্ক এলাকায়

*বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর:* ইসিএলের ৬ টি তালাবন্ধ আবাসনে এক রাতে চুরির ঘটনায় এলাকাতে ছড়িয়েছে আতঙ্ক । ঘটনাটি ঘটেছে ইসিএলের নবকাজোরা কোলিয়ারির গোলায় মোড় খনি আবাসন এলাকাতে । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ।অন্ডালের ইসিএলের নব কাজোড়া কলিয়ারির গোলাই এলাকায় রবিবার গভীর রাতে ছটি আবাসনে চুরির ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুরির সময় কোয়ার্টারগুলিতে কেউ ছিলেন না । সেই সুযোগে আবাসনে ঢুকে চোরেরা বিভিন্ন সামগ্রী নিয়ে পালায় বলে অভিযোগ ।

সোমবার সকালে বাড়িতে ফিরে চুরির ঘটনা জানতে পারেন আবাসিকরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ । বন্ধ আবাসনগুলিতে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে ।স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজোড়া গোলাই এলাকায় এর আগেও একসঙ্গে একাধিক বন্ধ আবাসনে চুরির ঘটনা ঘটেছে । বারবার একই ঘটনা ঘটায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ।

এদিকে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ফুটেজে দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গিয়েছে বলে স্থানীয়দের দাবি । তাঁদের হাতে চপার জাতীয় ধারালো আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করা হয়েছে । ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ । তবে সিসিটিভি ফুটেজে দেখা ওই ব্যক্তিরাই চুরির সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয় ।একসঙ্গে একাধিক বন্ধ আবাসনে চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *