ASANSOLPANDESWAR-ANDAL

অণ্ডালে ইসিএলের একাধিক বন্ধ কোয়ার্টারে চুরির অভিযোগ, গ্রেফতার ২

*বেঙ্গল মিরর, অন্ডাল ও দুর্গাপুর, সার্থক দে ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অণ্ডাল থানার কাজোড়ার গোলা এলাকায় ইসিএলের একাধিক বন্ধ কোয়ার্টারে চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজকে গ্রেফতার করলো অন্ডাল থানার পুলিশ। মঙ্গলবার রাতে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ আগষ্ট গভীর রাতে কাজোড়ার গোলা এলাকায় পরপর কয়েকটি বন্ধ কোয়ার্টারে চুরির ঘটনা ঘটে। সেই সময় কোয়ার্টারগুলির বাসিন্দারা কেউই ছিলেন না। তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়েই চোরেরা একাধিক আবাসনকে টার্গেট করে চুরির পরিকল্পনা বলে অভিযোগ।

পরেরদিন, ১০ আগষ্ট সকালে আবাসনের বাসিন্দারা ফিরে আসার পরে চুরির বিষয়টি জানতে পারেন। খবর দেওয়া হয় অন্ডাল থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুজনের গতিবিধি পুলিশের নজরে আসে। সেই সিসিটিভির ফুটেজের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ। এরপর ১১ আগষ্ট মঙ্গলবার রাতে বহুলায় নিজেদের বাড়ি থেকে দুজনকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ।

পুলিশ জানায় , ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।বুধবার সকালে ধৃত দুজনকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন আদালতে পুলিশ করে। ধৃতদেরকে জেরা করে এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোথা থেকে এসেছে এবং এই চক্রের সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বলে পুলিশ জানায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *