ASANSOLDURGAPUR

দুর্গাপুরে নাবালকদের টাকা দেখিয়ে রক্তদান করানোর অভিযোগ উড়িষ্যা থেকে মূল চাঁই গ্রেফতার

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* নাবালক স্কুল ছাত্রদের আর্থিক প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় মূল চাঁই হিসেবে উঠে আসা কিংশুক মুখোপাধ্যায়কে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছে।অভিযোগ, দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ইস্পাত নগরীর একটি বেসরকারি স্কুলের কয়েকজন নাবালক ছাত্রকে নিয়ে গিয়ে রক্তদান করানো হয়। এর বিনিময়ে তাদের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে প্রথমে উঠে আসে ঐ স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ, বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে নাবালক ছাত্রদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে সে যুক্ত ছিল। জিজ্ঞাসাবাদে ধৃত দেবপ্রিয় পুলিশকে জানায়, অন্যদের মাধ্যমে তাকে এই কাজে যুক্ত করা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।এরপর তদন্তে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব এবং মালদহের বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাহর নামও উঠে আসে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

এরপরে এই ঘটনার তদন্তের গতিপথ আরও বদলে যায় কিংশুক মুখোপাধ্যায়ের নাম সামনে আসার পর। পুলিশ সূত্রে জানা গেছে , কিংশুকের বাড়ি দুর্গাপুরের বিধাননগরে হলেও ঘটনার পর সে উড়িষ্যায় গা-ঢাকা দিয়েছিল। এরপরে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুর্গাপুর থানার পুলিশ। তাকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে বলে পুলিশ জানায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *