ASANSOLPANDESWAR-ANDAL

অন্ডালের ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু যুবকের

*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* নিম্নচাপের জেরে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে গত দুদিন ধরে চলছে টানা বৃষ্টি। তারই মধ্যে ১৯ নং জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় বেহাল অবস্থার কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দূর্যোগের ঘনঘটার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় অন্ডালে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল একটি ভয়াবহ পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন এক স্কুটি চালক। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত স্কুটি চালকের নাম গোপাল চন্দ্র দাস। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুর্গাপুর থেকে আসানসোলগামী ১৯ নম্বর জাতীয় সড়কে অন্ডাল গুরুদ্বোয়ারার সামনে ফ্লাইওভারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

আচমকাই স্কুটি নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন চালক। গুরুতর জখম হন স্কুটি চালক গোপাল চন্দ্র দাস (৩৩)। তাঁর বাড়ি দক্ষিণখণ্ড কালীবাড়ি এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল ট্রাফিক পুলিশ ও অন্ডাল থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় গুরুতর আহত গোপাল চন্দ্র দাসকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।এদিকে, বেহাল জাতীয় সড়ক এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। বৃষ্টির মধ্যে রাস্তার পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠায় যানবাহন চালানোর সময় অতিরিক্ত সতর্কতার কথা বলেন এলাকার বাসিন্দারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *