Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার জের রানিগঞ্জে বিজেপির সাংগঠনিক রদবদল, ভেঙে দেওয়া হলো মন্ডল-১ কমিটি

*বেঙ্গল মিরর, আসানসোল ও রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন আসানসোলেররানিগঞ্জে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের মধ্যে একটি ঘটনা নিয়ে সংঘর্ষ হয়৷ সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রানিগঞ্জ থানায় বিজেপি নেতা ও কর্মীরা বিক্ষোভ দেখান৷ পুলিশের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। এই ঘটনায় আনন্দ সাউ সহ দুজনকে পুলিশ আটক করে। আর এরপরই কড়া সাংগঠনিক পদক্ষেপ নিল বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা ।

মঙ্গলবার আসানসোল সাংগঠনিক জেলা কার্যালয় থেকে একসঙ্গে তিনটি বিজ্ঞপ্তি জারি করে রানিগঞ্জের দলের একাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা সচিব বা সম্পাদকের পদ থেকে বাদশা চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়ার পাশাপাশি রানিগঞ্জ বিধানসভার মন্ডল-১ র সাংগঠনিক দায়িত্ব থেকে আনন্দ সাউকেও সরিয়ে দেওয়া হয়েছে।এর পাশাপাশি রানিগঞ্জ মন্ডল-১-এর বর্তমান কমিটিও ভেঙে দেওয়া হয়েছে।

নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত মন্ডল-১-এর সাংগঠনিক কাজ পরিচালনার জন্য জেলা নেতৃত্বের তরফে একটি কোর কমিটি গঠন করা হয়েছে।এই কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে দেবজিৎ খানকে। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. রাজা ভৌমিক ও শতাব্দী চট্টোপাধ্যায়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন দিনেশ সোনি, শংকর সাউ, মনু ভার্মা, দেবাশীষ কেওড়া এবং শোভা দেবী যাদব।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতি ও রাজ্য নেতৃত্বের অনুমোদনের ভিত্তিতেই এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিজ্ঞপ্তিতে পদক্ষেপের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।রাজনৈতিক মহলের একাংশের মতে, কয়েকদিন আগে রানিগঞ্জ শহরে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরেই এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতেই জেলা নেতৃত্বের এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মন্ডল-১ র নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত কোর কমিটি কিভাবে সংগঠন পরিচালনা করে এবং রানিগঞ্জে দলের সাংগঠনিক ঐক্য কতটা বজায় থাকে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *