ASANSOL

পরপর দুদিন অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে আসানসোলে এসডিও অফিসে ক্ষুব্ধ মহিলাদের বিক্ষোভ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* অফলাইন থেকে অনলাইন, সব মাধ্যমেই বারবার আবেদন জানানো সত্ত্বেও মিলছে না ‘অন্নপূর্ণা যোজনা’-র ভাতা। সরকারি ভাতা না পাওয়ায় বঞ্চনা ও প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদে টানা দুই দিন ধরে মহিলাদের বিক্ষোভের জেরে চরম উত্তেজনা ছড়াল আসানসোল মহকুমাশাসক বা এসডি (সদর) অফিসে। বঞ্চনার শিকার শতাধিক মহিলা একজোট হয়ে বুধবারের পরে বৃহস্পতিবার আবারও এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান । তাঁদের অভিযোগ, ভাতা পাওয়ার সমস্ত সরকারি শর্ত পূরণ করে অফলাইন ও অনলাইন, উভয় মাধ্যমেই একাধিকবার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আজ পর্যন্ত তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার প্রাপ্য টাকা জমা পড়েনি। প্রশাসনিক দপ্তরে বারবার চক্কর কেটেও মিলেনি কোনো সদুত্তর।

বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা।আন্দোলনকারী মহিলাদের স্পষ্ট বার্তা, আর কোনো প্রতিশ্রুতি বা আশ্বাস নয়। অবিলম্বে জমা পড়া সমস্ত বকেয়া আবেদনপত্র খতিয়ে দেখে অন্নপূর্ণা যোজনার ভাতা প্রদান করতে হবে। দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।এই বিক্ষোভের জেরে পরিস্থিতি উতপ্ত হয়ে উঠলে তা নিয়ন্ত্রণে আনতে আসানসোলের মহকুমাশাসক সাধন দেবনাথ নিজেই মাইকিং শুরু করেন।

তিনি আন্দোলনকারীদের শান্ত হতে আহ্বান জানান এবং স্পষ্ট করেন যে, যাঁদের আবেদন সত্ত্বেও টাকা মেলেনি, তাঁরা যেন পুনরায় অনলাইন পোর্টালে গিয়ে নিজেদের অভিযোগ নথিভুক্ত করেন। তিনি মহিলাদের বলেন, বৃহস্পতিবার যাদের আবেদন অনুমোদন পেয়েছে, তাদের টাকা পাওয়ার শেষ দিন। যারা পাননি, তাদেরকে পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। কোন অভিযোগ থাকলে সেখানে তা করতে হবে। এক্ষেত্রে এসডিও অফিসের কোন কিছু করার নেই।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *