ASANSOL

ত্রিপল এবং অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, আসানসোলে বোরো অফিস ঘেরাও, বিক্ষোভ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* একাধিক সরকারি সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে আসানসোলের কালিপাহাড়িতে আসানসোল পুরনিগমের ৬ নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা। তাদের অভিযোগ, বর্ষার মরসুমেও তাঁদের ত্রিপলের মতো জরুরি সামগ্রী দেওয়া হচ্ছে না। এছাড়াও অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি সুবিধা থেকেও তাঁদেরকে বঞ্চিত করা হচ্ছে।বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে তাঁদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে আসছেন।

কিন্তু এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সেই কারণেই এদিন বাধ্য হয়ে বহু মানুষ আসানসোল পুরনিগমের বোরো অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন।ঘটনার খবর পেয়েই আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। বিক্ষোভের জেরে বোরো অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।প্রসঙ্গতঃ, আসানসোল পুরনিগমের এই কালিপাহাড়ি ও তার আশপাশের আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত। এই বিধানসভার বিধায়ক হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *